ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় মূল কুশীলব ছিলেন জিয়া : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় জিয়াউর রহমান মূল কুশীলব ছিলেন। শুক্রবার (১৩ আগস্ট) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


হানিফ বলেন, ১৯৭৫ এর পর জিয়া পাকিস্তানি দোসরদের পুনর্বাসন করেছিল। এ থেকে কি প্রমাণ হয়? জিয়াউর রহমান কি মুক্তিযুদ্ধের চেতনাধারী ছিলেন? যুদ্ধের পক্ষে ছিলেন? জিয়াউর রহমান কখনো মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। মুক্তিযুদ্ধের সময় ছদ্মবেশী এজেন্ট হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন। উনি এজেন্ট হিসেবে বঙ্গবন্ধুকে হত্যার মূল কুশীলবের ভূমিকা পালন করে গেছেন।


আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলব জিয়াউর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, অথচ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে একে একে সমস্ত মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে গেছেন। উনি এদেশের স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করে গেছেন। সাড়ে ১২ হাজার মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী ও দালালদের মুক্ত করে দিয়েছিলেন। রাজাকার প্রধান গোলাম আযম যার নেতৃত্বে একাত্তরে গণহত্যা হয়েছিল সেই গোলাম আযমকে বিদেশ থেকে এনে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন তিনি।


মাহবুব উল আলম হানিফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ ও হুদা পাশাসহ অনেকের বিচার হয়েছে। অনেকের রায়ও কার্যকর করা হয়েছে। আবার অনেকে এখনো বিদেশে পলাতক আছে। তাদের বিচারের রায় কার্যকর করা যায়নি। আমরা বারবার দাবি করেছি তাদেরকে বিদেশ থেকে নিয়ে এসে রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করতে। এই আত্মস্বীকৃত খুনিদের বিষয়ে যে বিষয়টি সামনে আসে নাই সেটা অবশ্যই বলতে হবে।


বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে কুশীলব কে ছিল? কুশীলব ছিল খুনি জিয়াউর রহমান। আমাদের প্রকৃত ইতিহাস জানতে হবে। খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করেছেন। আজকে জাতি দুই ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি।


তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে যারা কিশোর-কিশোরী তারাই একদিন এ দেশকে নেতৃত্ব দেবে। তাদেরকে এ দেশের সঠিক ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সম্পর্কে ভালো করে জানতে হবে। বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলবকে বের করে জাতির সামনে এনে বিচার করে এ বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।


এসময় আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑